ওএনএস-এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালে যুক্তরাজ্যের নেট মাইগ্রেশন ছিল প্রায় ৩ লাখ ৩১ হাজার। সেই তুলনায় পরবর্তী সময়ে নেট মাইগ্রেশনের হার কমেছে প্রায় ৪৮.৩ শতাংশ, যা ২০২১ সালের পর দেশটিতে সর্বনিম্ন মাইগ্রেশনের রেকর্ড। অথচ এর আগে ২০২৩ সালে দেশটিতে নেট মাইগ্রেশনের সংখ্যা ছিল ইতিহাসের সর্বোচ্চ—৯ লাখেরও বেশি। মাত্র দুই বছরের ব্যবধানে এই বড় পতন যুক্তরাজ্যের অভিবাসন চিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এবং ওএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের বর্তমান সরকারের কঠোর ভিসা নীতির কারণেই নেট মাইগ্রেশন এভাবে হ্রাস পেয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের (স্কিলড ওয়ার্কার) জন্য পরিবারের সদস্যদের সাথে নিয়ে আসার ওপর নিষেধাজ্ঞা, কাজের ক্ষেত্রে ন্যূনতম বেতনের সীমা (স্যালারি থ্রেশহোল্ড) বৃদ্ধি এবং ইংরেজি ভাষার দক্ষতার শর্ত কঠোর করার কারণে বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাজ্যে আসার আগ্রহ অনেকটাই কমে গেছে।